প্রথম সকাল ডেস্ক:- গণঅভ্যুত্থানের পর জেগে উঠতে শুরু করেছে বিনোদন জগতের ঢালিউড অঙ্গন। বিপ্লবপরবর্তী নতুন বাংলাদেশ নিয়েও ইতিবাচক কথা বললেন ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি। সম্প্রতি লাল শাড়ি আর নজরকাড়া গহনা পরে এফডিসিতে এসেছিলেন এ অভিনেত্রী। রীতিমতো বউয়ের সাজ দেখে অনেকেই জানতে চেয়েছিলেন বিয়ে করছেন কবে? জবাবে তিনিও জানিয়েছেন ভালো বর পেলেই বিয়ে করব।
নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। ছবির নাম ‘বউ’। নির্মাণ করছেন কেএ নিলয়। ছবিতে ডিএ তায়েবের সঙ্গে জুটি বেঁধেছেন ববি। গত (১৩ নভেম্বর) বুধবার এফডিসিতে ছিল সেই ছবির মহরত। গণঅভ্যুত্থানের পর প্রথম সিনেমা প্রসঙ্গে ববি বলেন, নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে এ সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।
‘বউ’ ছবি প্রসঙ্গে পরিচালক কেএ নিলয় বলেন, চলতি মাসের শেষে ‘বউ’ সিনেমার শুটিং শুরু হবে। একটানা শুটিং করে দ্রুত শেষ করা হবে দৃশ্য ধারণের কাজ। নতুন বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।