প্রথম সকাল ডেস্ক:- গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএভুক্ত) অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে দুপুর সাড়ে বারোটা হতে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উল্লিখিত এলাকায় অবৈধভাবে বারকি নৌকা সহযোগে বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকদের সংশ্লিষ্ট এলাকা হতে বিতাড়িত করা হয়। এসময় বালু পরিবহনের কাজে নিয়োজিত ২টি ট্রাক জব্দ করে জাফলং ট্রাক সমিতির সাংগঠনিক সম্পাদকের জিম্মায় রাখা হয়। অভিযানে বেশকিছু বালু ও পাথর বোঝাই নৌকা মাঝ নদীতে ডুবিয়ে দেয়া হয়।
অভিযানে ছিলেন, গোয়াইনঘাট থানা পুলিশ, জাফলংয়ের সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপির বিশ (২০) সদস্যের ওপর একটি টিম প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। এসময় জাফলংয়ের ট্রাক সমিতির নেতৃবৃন্দকে অত্র এলাকায় অবৈধভাবে বালু ও পাথর পরিবহন থেকে বিরত থাকতে সতর্কতা প্রদান করা হয়েছে।