প্রথম সকাল ডেস্ক:- আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কোথায়, তা নিয়ে বেশ কয়েকদিন ধরে ধোঁয়াশা চলছিল। অবশেষে জানা গেছে ভারতেই আছেন রয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সাংবাদিকদের তিনি বলেন, ‘শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য এখনও আসেনি। তবে আনঅফিসিয়ালি জানা গেছে তিনি ভারতে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচার হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দেয়ার পাশাপাশি মেগা প্রজেক্টে মেগা দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব ঘটনায় বিচারের জন্য তাকে দেশে ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে যে ৪০-৪৫ জনের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তারা কোথায় আছে জানার চেষ্টা করছে মন্ত্রণালয়।
একাত্তরে যুদ্ধাপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।