প্রথম সকাল ডেস্ক:- গ্রেপ্তার অবস্থায় ফেসবুক লাইভে এসে আলোচনার জন্ম দিয়েছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান (৪৬)। গতকাল শুক্রবার রাত ২টার দিকে জেলার শ্রীমঙ্গল থানার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করে র্যাব। আজ শনিবার দুপুর ১২টার দিকে ফেসবুক লাইভে আসেন তিনি। এদিকে র্যাব জানিয়েছে সকালেই তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সহিংসতা, নাশকতা ও হত্যাচেষ্টার অভিযোগে হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত আসামি আতাউর রহমান। র্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। লাইভের বিষয়টি আমার জানা নেই। আমি সকাল থেকে থানার বাইরে। লিংক দেখে আমি ব্যবস্থা নেব।
উল্লেখ্য, ১০ অক্টোবর রাতে আতাউর রহমানের গুদাম ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি পাওয়া যায়। তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।