প্রথম সকাল ডেস্ক:- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ওই সময় ছদ্মবেশে পালিয়ে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন তাহেরি।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় ‘পুলিশের ওপর হামলার’ একটি মামলা রয়েছে। শনিবার বিজয়নগরে ‘বিনা অনুমতিতে’ গিয়াস উদ্দিন আত তাহেরির মাহফিলের আয়োজন করা হয়েছিল।
খবর পেয়ে পুলিশ মাহফিলের স্টেজ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে পালিয়ে যান। তার ভক্তরা তখন পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।