বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

৮২ বছর বয়সেও চ্যাম্পিয়ন সিলেটের রানী হামিদ

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ। বয়স যে আশির কোঠা পেরিয়েছে, তা বিশ্বাস করা কঠিন। ৮২ বছর বয়সেও নিয়মিত খেলছেন, আর চ্যাম্পিয়নও হচ্ছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত মহিলা দাবা লিগে তার দল বাংলাদেশ আনসার ও ভিডিপি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে লিগে অংশ নেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। ৮২ বছর বয়সে লিগে খেলা এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হওয়া সহজ নয়।

তবে রানী হামিদের কাছে বিষয়টি বেশ স্বাচ্ছন্দ্যের। তিনি বলেন, ‘আমি চার গেম খেলেছিলাম। দলের সবাই ভালো খেলায় চ্যাম্পিয়ন হয়েছি। গত আসরে পুলিশের হয়ে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলাম।’ রানী হামিদ বলেন, ‘আমি তো নিয়মিতই খেলি। শরীর ও মাথা ঠিক থাকলে খেলতে কোনো সমস্যা নয়। ফেব্রুয়ারিতে ৮২ পেরিয়ে ৮৩ তে পা দেব। যত দিন সুস্থ থাকব খেলব।’ লিগে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৭ খেলায় ১৩ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়।

একই পয়েন্ট অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত রানার্স আপ হয়েছে। দুই দলের ম্যাচ পয়েন্ট সমান হওয়ায় গেম পয়েন্টে শিরোপা নির্ধারিত হয়। গেম পয়েন্টে বাংলাদেশ আনসার ও ভিডিপি ২৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ২২.৫ গেম পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী রানার্স আপ হয়।

বাংলাদেশ নৌবাহিনী দলের পক্ষে অংশ নেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম। 

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!