প্রথম সকাল ডেস্ক:- তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানী ডিওএইচএসের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শরসের মবিনকে গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মহাসমাবেশের দিন ব্যাপক হামলা ও সহিংসতার ঘটনায় পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া জানান, গ্রেপ্তারের পর শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শমসের মবিনকে গত বছর ২৮ অক্টোবর সহিংসতার ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বুধবার শমসের মবিনকে বিদেশ যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ যেতে দেয়নি।
শমসের মবিন চৌধুরী এক সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির থেকে পদত্যাগ করেন। ২০১৮ সালে যোগ দেন বিকল্পধারা বাংলাদেশে। সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপি নামে নতুন রাজনৈতিক দলের চেয়ারপারসন হন তিনি। গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।