ব্যবসায়িক নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কার্যালয় ও এক নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা ও স্থানীয়রা। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের গাছা এলাকায় বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে দলটির প্রায় ৭০-৮০ জন নেতাকর্মী গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে পাশের বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে।
অভিযোগ করা হয়, হামলাকারীরা দলীয় চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ ৭ লাখ টাকা, একটি ৫৬ ইঞ্চি টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, পোশাক কারখানার ঝুট ব্যবসা ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
হামলা ও ভাঙচুরে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানান তারা। ভুক্তভোগী শাহীন মিয়া দাবি করেন, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিয়ে তিনি ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার ব্যবসা নিয়ন্ত্রণে নিতে এ হামলা চালিয়েছে। তিনি জানান, প্রথমে তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়, পরে দলীয় কার্যালয়ে হামলা করে নগদ অর্থ ও মালামাল লুট করা হয়।
এ ঘটনায় তিনি গাছা থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান। এদিকে, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত জব্দ করেছে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশপাশের বেশ কয়েকটি দোকানপাট সাময়িকভাবে বন্ধ রয়েছে।