সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার মধ্যেও মেক্সিকো বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে পারবে এ ব্যাপারে তাদের পূর্ণ আস্থা রয়েছে। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ কথা বলেন। মেক্সিকান সেনাবাহিনীর অভিযানে মাদক কার্টেল নেতা নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতির কারণে মেক্সিকান ফুটবল ফেডারেশন কয়েকটি ম্যাচ স্থগিত করতে বাধ্য হয়, যার মধ্যে রোববারের লিগা এমএক্সে কুয়েরেতারো ও হুয়ারেজ এফসির ম্যাচও ছিল। কলম্বিয়ার বাররাঙ্কিয়ায় এক অনুষ্ঠানে ইনফান্তিনো বলেন, ‘আমরা অবশ্যই মেক্সিকোর পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে শুরুতেই বলতে চাই, দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।
আমরা বিশ্বাস করি, সবকিছু স্বাভাবিকভাবেই এগোবে।’ তবে কুয়েরেতারোয় বুধবার আইসল্যান্ডের বিপক্ষে মেক্সিকোর প্রীতি ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এদিকে জালিস্কো অঙ্গরাজ্য— যার রাজধানী গুয়াদালাহারা— রোববার থেকে জরুরি অবস্থার মধ্যে রয়েছে। গুয়াদালাহারা, মেক্সিকো সিটি ও মনতেরেই— এই তিন শহরে যৌথভাবে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে মোট ১৩টি ম্যাচ আয়োজন করা হবে। জালিস্কোর এস্তাদিও আক্রনে আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফের একটি ম্যাচ ও জুনে বিশ্বকাপের চারটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অঙ্গরাজ্যের গভর্নর পাবলো লেমুসও জানিয়েছেন, মেক্সিকোর বিশ্বকাপ আয়োজক মর্যাদা হারানোর কোনো শঙ্কা নেই। ইনফান্তিনো বলেন, ‘আগামী এক মাসের মধ্যেই মেক্সিকোতে আমাদের ম্যাচ রয়েছে— বিশ্বকাপ প্লে-অফ। নতুন আজতেকা স্টেডিয়ামের উদ্বোধনও হবে। মেক্সিকো একটি বড় ফুটবল দেশ। পৃথিবীর সব দেশেই কিছু না কিছু ঘটে; আমরা তো চাঁদে বাস করি না। এজন্যই সরকার, পুলিশ ও প্রশাসন আছে— যারা নিরাপত্তা নিশ্চিত করবে।
’কলম্বিয়া তাদের প্রথম দুটি ম্যাচ মেক্সিকো সিটি ও গুয়াদালাহারায় খেলবে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রামোন হেসুরুন বলেন, ‘আমরা জানি তারা এই পরিস্থিতি কাটিয়ে উঠবে। খুব দ্রুতই সব স্বাভাবিক হয়ে যাবে।’ তবে কিছু দেশ উদ্বেগ প্রকাশ করেছে। পর্তুগাল ফুটবল ফেডারেশন মার্চে মেক্সিকোর বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচকে সামনে রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
একই সময়ে গুয়াদালাহারায় আন্তঃমহাদেশীয় প্লে-অফের সেমিফাইনালে জামাইকার মুখোমুখি হবে নিউ ক্যালেডোনিয়া। জামাইকা ফুটবল ফেডারেশনের সভাপতি মাইকেল রিকেটস বলেন, ‘মার্চের শেষ দিকে ম্যাচ, তাই সময় আছে। কিন্তু সত্যি বলতে বিষয়টি আমাকে উদ্বিগ্ন করছে। কনকাকাফ ও ফিফা কী নির্দেশনা দেয়, সেটার অপেক্ষায় আছি।’এদিকে মনতেরেইয়ে আরেকটি প্লে-অফ ম্যাচে বলিভিয়া ও সুরিনাম মুখোমুখি হবে; জয়ী দল বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াইয়ে ইরাকের বিপক্ষে খেলবে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম গত সোমবার বলেছেন, গুয়াদালাহারায় বিশ্বকাপ ম্যাচ আয়োজন নিয়ে কোনো ঝুঁকি নেই এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হয়েছে। ইনফান্তিনো বলেন, মেক্সিকোর সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিশ্বকাপ হবে এক অসাধারণ উৎসব।’