শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

হবিগঞ্জের জজকোর্ট এলাকায় আইনজীবীর সহকারীকে হত্যা চেষ্টায় আটক ৪

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

হবিগঞ্জের জজ কোর্ট এলাকায় আইনজীবী সহকারিকে ফিল্মি স্টাইলে হত্যা চেষ্টা ও তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ৪ দুর্বৃত্তকে আটক করা হয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়। দিনে দুপুরে প্রকাশ্যে এরকম ঘটনায় আদালত এলাকায় আতংক বিরাজ করছে।

আইনজীবী ও তাদের সহকারিরা বলছেন, জীবনে কোনোদিন আদালত এলাকায় এমন ঘটনা দেখেননি। খবর পেয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ অন্যান্য আইনজীবীরা ছুটে আসেন। আটকরা হল, সদর উপজেলার কান্দিগাও গ্রামের খেলন মিয়ার পুত্র লিলু মিয়া, রাজিউড়া গ্রামের এলাই মিয়ার পুত্র সুমন মিয়া, ভাটি শৈলজুড়া গ্রামের দুলন মিয়া ও আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে ইউনিয়নের গোপালপুর গ্রামের বোরহান মিয়ার পুত্র রুবেল মিয়া।

জানা যায়, গতকাল বুধবার বিকালে আইনজীবী সহকারি আক্তার হোসেন আদালত থেকে কাজ শেষে পাশেই সমিতিতে যাচ্ছিলেন। হঠাৎ জজ কোর্টের বারান্দায় উল্লেখিতরাসহ কয়েকজন তাকে চারদিক ঘেরাও করে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে তাকে ফিল্মি স্টাইলে উঠিয়ে নিতে চাইলে সে চিৎকার শুরু করলে আইনজীবী সহকারিরা তাদের আটক করেন। সেখানে তাদের দেহ তল্লাশী করে ছুরি, লোহার রড, দুই হাত লম্বা লাইটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সিনিয়র আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম, আব্দুল মতিন ও আব্দুস সহিদসহ বেশ কয়েকজন জানান, আদালত পাড়ায় এমন ঘটনা কাম্য নয়। তারা এর নিন্দা জানান। সকল আইনজীবী সহকারিরা সমিতির প্রধান কার্যালয়ে ছুটে যান এবং তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এদের পক্ষে যাতে কোনো আইনজীবী জামিন আবেদন না করেন সে বিষয়ে বারের নেতাবৃন্দের দৃষ্টি আর্কষণ করেন। পরে তাদেরকে পুলিশে নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় আক্তার হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, আটকরা থানা হেফাজতে আছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!