শাল্লা সংবাদদাতা:- ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার উত্তরসূরীরা এখনও বহাল তবিয়ৎতে। সুনামগঞ্জের শাল্লায় হাওর উপ-প্রকল্পের কাজে বাধাঁ দিয়ে লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে সেচ্ছাসেবকলীগ নেতা ও তার অনুসারিদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভোক্তভোগি বাহাড়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ভেড়াডহর হাওর উপ-প্রকল্পের ১১ নং হাওর রক্ষা বাঁধের (পিআইসি) সভাপতি বাদল চন্দ্র দাশ বাদী হয়ে শাল্লা থানায় লিখিত অভিযোগ প্রদান করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা সহদেব পাশা গ্রামের হুমায়ুন আহমেদ ও ডুমরা গ্রামের অরুপ তালুকদার। লিখিত অভিযোগে বাদল চন্দ্র দাশ উল্লেখ করেন, তিনি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১১নং পিআইসির সভাপতি।
৩১ জানুয়ারী সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টায় বিবাদীদ্বয় মদ্যপান করে ঘটনাস্থলে অর্থাৎ ডুমরা গ্রাম সংলগ্ন ১১নং পিআইসির বাঁধে গিয়ে বাদল চন্দ্র দাশকে বলে তাদেরকে নগদ ১,০০,০০০/-টাকা চাঁদা দিতে হবে নতুবা তারা পিআইসিতে মাটির ভরাট করতে দিবে না।
বাদল চন্দ্র দাশ তাদেরকে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় বিবাদীদ্বয় হাতে কিরিচ দেখিয়ে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে।
বিবাদীদ্বয়ের হুমকি ধামকিতে আশেপাশের অনেক লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে বিবাদীদ্বয় স্বাক্ষীগণের সম্মুখে প্রকাশ্যে বাদল চন্দ্র দাশকে খুন করার হুমকি দিয়ে দ্রুত চলে যায়।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।