প্রথম সকাল ডেস্ক:- ফেঞ্চুগঞ্জে বাস চাপায় জুবায়ের আহমদ জুবা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত জুবায়ের উপজেলার নুরপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ-নয়াবাজার সড়কে মধ্যভাগে ফরিদপুর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে মোটরসাইকেলে করে নয়াবাজার এলাকায় যাচ্ছিলেন জুবায়ের। এ সময় মৌলভীবাজারের ভাটেরা থেকে ছেড়ে আসা বিপরীতগামী যাত্রীবাহী বাস (নরসিংদী জ-১১ ০০৯৮ নাঈম পরিবহণ) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জুবায়ের। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনায় জুবায়েরের দুই পায়ের হাড় ভেঙে বেরিয়ে যায়। এছাড়া দেহের বিভিন্ন অংশ বাস চাপায় থেঁতলে যায় এবং দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হয়ে মারা যান।
নিহতের বন্ধু আশরাফুল ইসলাম বলেন, জুবায়ের মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তাকে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা ব্রিজের দক্ষিণ পার ফেরিঘাট এলাকায় অপেক্ষা করতে বলেন। কিছুক্ষণ পর জানতে পারি, সে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে হাসপাতাল নিয়ে গেলে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার জুবায়ের আহমদ গুরুতর আহত হলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিন্তু ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়েছেন। তবে দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবার দুর্ঘটনায় মামলা করবেন না। তারা মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।