বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

পাকিস্তান সুপার লিগের আগেই দেশে ফিরছেন লিটন 

প্রথম সকাল ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ার আগে বিমানে ওঠার ছবি দিয়ে লিটন দাস জানিয়েছিলেন রোমাঞ্চের অপেক্ষার কথা।

করাচি পৌঁছানোর পর করাচি কিংসের পক্ষ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনার ছবিও শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে মাঠে নামার আগেই থেমে গেল তার পিএসএল-যাত্রা।

অনুশীলনে আঙুলে চোট পেয়ে দেশে ফিরে আসছেন লিটন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই, তার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে। সেখানে তিনি জানিয়েছেন, আঙুলে চিড় ধরা পড়েছে, আর এর ফলে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

লিটনের আঙুলের চোট সম্পর্কে জানতে চাইলে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘শুনেছি সে আঙুলে ব্যথা পেয়েছে। দেশে ফিরে পরীক্ষা করার পর বিস্তারিত বলা যাবে।’

ফেসবুক পোস্টে লিটন দুঃখ প্রকাশ করে লেখেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম, কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলনের সময় আঙুলে আঘাত পেয়েছি, যা আমার জন্য খুবই হতাশাজনক।’

এবারের আসরে করাচি কিংস পিএসএল নিলামে লিটন দাসকে দলে নেয়। পুরো আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অনাপত্তিপত্র দিয়েছিল।

আইপিএল ও এলপিএলের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম পিএসএলে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন লিটন। তবে সেই প্রত্যাশা অপূর্ণই থেকে গেল।

এবারের পিএসএলে বাংলাদেশ থেকে দল পেয়েছেন আরও দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন রিশাদ। আর টেস্ট সিরিজ শেষ করে পেশোয়ার জালমিতে যোগ দেওয়ার কথা রয়েছে পেসার নাহিদ রানার। আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।

লিটনের এই আকস্মিক ছিটকে পড়া তার ভক্তদের জন্য যেমন হতাশার, তেমনি দল করাচি কিংসের জন্যও একটি বড় ধাক্কা। এখন অপেক্ষা, দেশে ফিরে চিকিৎসার পর কবে ফিরতে পারবেন মাঠে সেই সুসংবাদের।

এ বিভাগের আরো সংবাদ
©2020-2025 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
error: Content is protected !!