জকিগঞ্জ প্রতিনিধি:- সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত যুবকের নাম নাসির আহমদ।
শুক্রবার রাত ১০টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে নাসির আহমদ (৩৩) ঠেলাগাড়ি নিয়ে বাংলাবাড়ি থেকে লাকড়ি আনতে যান।
রাত ১০টার দিকে কালিগঞ্জ বাজারগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে নাসিরসহ মোটরসাইকেল আরোহী সোনাসার গ্রামের আব্দুর রহিম (১৭) ও হাসিতলা গ্রামের সাফি আহমদ (১৮) গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ বাজারের ফার্মেসিতে রহিম ও সাফিকে প্রাথমিক চিকিৎসা দেন। নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন। পথে নাসির আহমদ মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জকিগঞ্জ থানার এসআই শামসুল হক সুমন জানান, নাসিরের মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।