প্রথম সকাল ডেস্ক:- প্রায় এক যুগ ধরে অনেকটা অন্তরালে ছিলেন সোনাজয়ী শুটার সাদিয়া সুলতানা। মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন। সোমবার (২ ডিসেম্বর) পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি জমিয়েছেন অন্যলোকে। চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুবরণ করেন সাদিয়া।
মেয়ের মরদেহ হাসপাতাল থেকে বের করার মুহূর্তে বাবা আব্দুস সাত্তার কান্নাজড়িত কণ্ঠে জানিয়েছেন, ‘আমার সাদিয়া আর নেই। দুপুর ২টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে। আমরা এখন ওর মরদেহ হাসপাতাল থেকে বের করছি।
সাদিয়ার শুটিং ক্যারিয়ার বর্ণাঢ্যময়। ২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন। দলগত ইভেন্টে দিল্লির আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও জেতেন সোনা। তার আগে ওই বছরই এসএ গেমসে একই ইভেন্টে জেতেন সোনার পদক। সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকেই শুটিংয়ের বাইরে রয়েছেন তিনি।