কেন্দ্রীয় নির্দেশনা ও কলেজের সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে লাগানো সব পোস্টার, ব্যানার ও লিফলেট সরাল ছাত্রদল। মঙ্গলবার (১২ অগাস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে থাকা এসব প্রচারসামগ্রী তুলে ফেলেন সংগঠনটির নেতাকর্মীরা।
এমসি কলেজ ছাত্রদল জানায়, কলেজের পরিবেশ ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের স্বস্তি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দলের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখাও এর লক্ষ্য। এর আগে কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল উপলক্ষে নির্বাচনী প্রচারণার জন্য মূল ফটক থেকে শুরু করে কলেজের সর্বত্র ব্যানার-ফেস্টুন লাগান ছাত্রদলের প্রতিদ্বন্দ্বীরা। পরে গতকাল সোমবার কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। কাউন্সিলে ছাত্রদলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী রাজীব হোসাইন শাহিদ জানান, ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীরা মিলে ছড়িয়ে থাকা লিফলেট, ব্যানার সরিয়ে ফেলার উদ্যোগ নেন। পরে সভাপতি, সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে সকল ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলেন।
এ বিষয়ে এমসি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনায় ও কলেজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এমন উদ্যোগ নিয়েছি। আমরাও ছাত্র সুতরাং আমরাও চাই কলেজ পরিবেশের ভারসাম্য বজায় থাকুক। সাধারণ শিক্ষার্থীরা যাতে ভোগান্তি বা অস্বস্তিতে না পড়েন সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভাপতি খান মোহাম্মাদ সামি বলেন, ‘ঘোষিত কাউন্সিলের জন্য ক্যম্পাসে পোস্টার-ব্যানার লাগানো হয়েছিল। যেহেতু কাউন্সিল সম্পন্ন হয়ে গেছে তাই কলেজের পরিবেশের কথা চিন্তা করে এগুলো সরিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘কলেজটা আমাদের, তাই এর পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্বও আমাদের। তাছাড়া কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই যাওয়ার আগে ফেস্টুন-পোস্টারগুলো ছিড়ে ফেলার কথা বলেন। কলজের ভারসাম্য রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে।